গাজীপুরের কোনাবাড়ির দেওলিয়াবাড়ি এলাকায় ঝুটের গুদামে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট প্রায় সাড়ে ৪ ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে পুড়ে গেছে ১২টি ঝুট গুদাম ও মালামাল। তবে এ ঘটনায় কেউ হতাহত হননি।
আজ বৃহস্পতিবার ভোর সাড়ে পাঁচটার দিকে এ আগুনের সূত্রপাত বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।
ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা গেছে, মুহূর্তের মধ্যে আগুন আশেপাশে ছড়িয়ে পড়ে। এলাকাবাসী আগুন নিয়ন্ত্রণে প্রাথমিক চেষ্টা করে ব্যর্থ হলে ফায়ার সার্ভিসে খবর দেওয়া হয়। খবর পেয়ে কোনাবাড়ি ফায়ার সার্ভিসের ৩টি ইউনিট ও সারাবো ফায়ার সার্ভিসের ২ টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে যোগ দেয়।
গাজীপুর ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক সাইদুর রহমান বলেন, পাঁচটি ইউনিট আগুন নিয়ন্ত্রণ কাজ করে। আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।



