মৌলভীবাজারের শ্রীমঙ্গল থেকে হবিগঞ্জের পথে রওনা দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতারা। ব্যারিকেডের সামনে পুলিশের সঙ্গে ঘণ্টাখানেক বাগ্বিতণ্ডা শেষে বিকেল ৫টার দিকে রওয়ানা হয় তারা।
হবিগঞ্জে গিয়ে এনসিপি নেতাদের সংবাদ সম্মেলন করার কথা রয়েছে।
এর আগে, আজ বুধবার বিকেল ৪টার দিকে শ্রীমঙ্গল উপজেলার সাতগাঁও এলাকায় চা–কন্যা ভাস্কর্যের সামনে ঢাকা–সিলেট আঞ্চলিক মহাসড়কে এনসিপির গাড়িবহর আটকে দেওয়া হয়। গাড়ি বহরে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম, মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম, মুখ্য সমন্বয়ক নাসির উদ্দীন পাটোয়ারী, মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আব্দুল্লাহ, জাতীয় নারী শক্তির সদস্য সচিব মাহমুদা মিতুসহ কেন্দ্রীয় নেতারা উপস্থিত রয়েছেন।
এনসিপির নেতাদের অভিযোগ, হবিগঞ্জের উদ্দেশে যাত্রাকালে পুলিশ তাদের সামনে এগোতে নিরুৎসাহিত করে। ফলে নেতাকর্মীদের গাড়ি বহর চা–কন্যা ভাস্কর্যের সামনেই অবস্থান নেয়।
এর আগে, বুধবার বিকেল ৩টায় হবিগঞ্জ পৌর শহরে সমাবেশের ডাক দেয় এনসিপি। একই সময়ে পাল্টা কর্মসূচির ঘোষণা দেয় হবিগঞ্জ জেলা ছাত্রদল এবং হবিগঞ্জ সদর উপজেলা ও পৌর বিএনপি। দুই পক্ষের কর্মসূচিকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি এড়াতে জেলা প্রশাসন শহরের নির্দিষ্ট এলাকায় ফৌজদারি কার্যবিধির ১৪৪ ধারা জারি করে।



